Select your language

কথকতার ছলে জীবনের গল্প বলে মেয়েদের দল Mad Balikas
পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 07 নভেম্বর 2024

আহু দারিয়েই বলে আসলে কিছু নেই।

বিশ্বাস হচ্ছে না? আপনি বলবেন ভাইরাল হয়েছিলেন আহু দারিয়েই। আপনি বলবেন হিজাব ছাড়া দুই সন্তানের জননী আহু দারিয়েই তেহরানের ইসলামী আজাদ ইউনিভার্সিটিতে পড়তে এসেছিলেন। পর্দা না করার মত গুনাহ ওখানকার মাতব্বরেরা মোটেও কবুল করেননি। তাঁরা এসে তরুণীকে উত্তম মধ্যম দিয়ে তার ঊর্ধ্বাঙ্গের পোষাক কেড়ে তাঁকে ক্ষমা করে ছেড়ে দেন। আপনি বলবেন আহু তখন ঊর্ধ্বাঙ্গের লজ্জাবস্ত্রটি শুধু পরেছিলেন। মুখ লুকিয়ে ভেগে যাবার বদলে মাতব্বরদের ক্ষমা টমা পায়ে ঠেলে তখন আহু তার পাতলুনটিও খুলে ফেলেন। তারপর কেবল লজ্জাবস্ত্রটি গায়ে রেখে তিনি বিশ্ববিদ্যালয়ের উঠোনে টহল দিতে শুরু করেন। এই তো হল আপনার আহু দারিয়েইয়ের কিসস্যা।

ধুর। দেখুন তো গুগল নিউজ? আছে কিছু এই নামে? একখানাও সার্চ রেজাল্ট পেলেন? আরে মশাই, নেই তো কিছু, নেই নেই নেই। ইরানের মত চরম গোঁড়া দেশে হেনস্থার প্রতিবাদে ব্রা প্যান্টি পরে কে রাস্তা হাঁটে? তার জান পেয়ারি নয়? ইরানের শান্তিরক্ষকরা বলেছেন তেহরানের ইসলামী আজাদ ইউনিভার্সিটিতে একটা পাগলী পর্দা ছাড়া ঘুরে বেড়াচ্ছিল মাত্র, তাকে তাঁরা সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। কোথায় পৌঁছে দিয়েছেন? ও মশাই, শান্তিরক্ষকরা যাকে যখন যেখানে প্রয়োজন সেখানে পৌঁছে দেন। এই যেমন ধরুন আমাদের ঘরের মেয়ে ছিল তিলোত্তমা। সে যখন ভরা শহরের ভরা হাসপাতালে ডিউটি দিতে গিয়ে নেই হয়ে গেল, চটপট শান্তিরক্ষকরা শান্তিপূর্ণভাবে তার সৎকার সমাধান করেছিলেন। তিলোত্তমার বাপ মা অবধি রা কাড়তে পারেননি, কারণ, শান্তিরক্ষক পরশু সোনি সুরিকে, কাল তিলোত্তমাকে, আজ আহু দারিয়েইকে, পরশু আমাকে বা তরশু আপনাকে সুবিধে মত জায়গায় পৌঁছেই দেবেন, ওতে বিচলিত হবার মত কিছু হয়েছে কি?

তাও দেখুন, বেয়াড়া ঘাড়ত্যাড়া পাবলিকগুলো মানতেই চাইছেনা আহু দারিয়েই বলে কিছু নেই। তারা ফেসবুকে পোস্ট করে, কমেন্ট করে, প্রতিবাদ করে প্রবল হেনস্থা ভোগ করছে। দেখুন, যে পদ্মকলির মত নরম হাত নিয়ে এত এত পদ্য গদ্য, সেইসব হাত আজ শক্ত মুঠো পাকাচ্ছে। ঐ যে, তাদের মুঠোগুলো বাতাসে ঘুষি মেরে ভাসিয়ে দিচ্ছে সেইসব নাম যারা নাকি কখনও কোথাও ছিল না। চুনী কোটাল থেকে মাহসা আমিনি। হাথরাস থেকে বিলকিস বানো। কামদুনি থেকে উন্নাও। তিলোত্তমা থেকে তেহরান।

যে সাহস আজ বাতাসে রাগী গুনগুন তুলছে, তাকে জিজ্ঞেস করলে আহু দারিয়েইকে খুঁজে পাব?

আহু দারিয়েইকে ইরানের নীতিরক্ষকরা পাগলাগারদে পোরার এক সপ্তাহের মাথায় আমরা এইসব অনর্থক প্রশ্ন তুলব। আমাদের কথকতা অহং রাষ্ট্রী আসলে এইসব অস্বস্তিকর প্রশ্নই তোলে। জানি, এখান থেকে তেহরানে আমাদের আওয়াজ আজ পৌঁছাবে না।

হয়ত কোনওদিন অন্য কারোর স্বর হয়ে পৌঁছে যাবে। এই ধুলোবালি আশা নিয়েই কথকতা। কারণ আমরা তো জানি,

মেয়েমানুষের কানাকড়ি যমেও দেয় যে ফাঁকি!

আপনার মতামত

এর উত্তরে Some User

এই বিভাগের অন্যান্য পোস্টসমূহ

  • গ্রে স্কেল চার

    পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 24 জুলাই 2025

    সেও এক দিন ছিল!

    ষাটের শেষ, কিংবা সত্তরের শুরু। উঠতি বয়সের সিড়িঙ্গে এক ছোকরা চায়ের দোকানে বিড়ি ফুঁকছে। যেমন ধারালো মুখ তেমন ধারালো জিভ। ফাঁকিবাজ আবার পরোপকারী বলে দুর্নাম। এর বাপকে নালিশ দেবার সাহস কার আছে? মহেশ বাঁড়ুয্যে ডাকসাইটে পণ্ডিত। মামুলি সরকারী চাকুরে হতেই পারেন, কিন্তু খড়ম, সংস্কৃত আর অঙ্কে গায়ত্রী জপেন। তাঁর মেজ ছেলে এমন মারকুটে দুর্মুখ ধারা কোথা থেকে পেলে কেউ জানে না।

  • কালো মেয়ে

    ঋতুপর্ণা ভট্টাচার্য | প্রকাশিত: 25 অক্টোবার 2024

    দুপুরবেলা পড়তে বসে অংকে ভুল হয়ে যায় মেয়ের, মুঠো খানেকের হৃৎপিন্ডে ছলকে ওঠে রক্ত, বেণীমাধবকে দেখে একদৌড়ে সে পালিয়ে যায় ঘরে। বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহুরে, দেখতেও বুঝি রাজপুত্তুরটি।

    কিন্তু, মেয়েটির গায়ের রং যে কালো?

  • কুত্তা বিল্লি ফ্রী

    পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 16 আগস্ট 2025

    একটু ইউটোপিয়ার কথা হোক? হ্যাঁ? বেশি না, বছর তিনেক পরে।

    দিল্লি কলকাতা মুম্বাই এখন স্পটলেস ক্লিন। যেদিকে তাকাবেন নো সাইন অফ নেড়ি কুত্তা। কর্পোরেশন সব তুলে সাফ করে দিয়েছে। এখন কুত্তা মানেই বকলস দেওয়া বিলিতি হাইব্রিড। বেশিদিন বাঁচেও না, ইনস্টা স্টোরি ফোরি রিল ফীল হয়ে যাচ্ছে এটাই শান্তি।

  • ম্যায় ওয়াপস আউঙ্গা

    পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 05 জুলাই 2026

    ডিমেনশিয়া, ব্রেন হ্যামারেজ, হার্ট মনিটর বনাম পার্টিশনের অভিশাপে অধুরা প্রেমকাহিনীর কন্ট্রাস্ট যে এমন নজরকাড়া দেখতে হতে পারে ইমতিয়াজ আলি না দেখালে বিশ্বাস হত না।

    ৯৫ বছর বয়সী ইশার সিং গ্রেওয়াল ওরফে কিনু (নাসিরুদ্দিন শাহ) ডিমেনশিয়ায় আক্রান্ত, মৃত্যুশয্যায় শুয়ে বারবার তাঁর পাকিস্তানের সারগোধায় ফেলে আসা বাড়ি আর কোন এক মালিকা দিলফরেবের কথা বলে যাচ্ছেন। এই ভুলে যাওয়া, এলোমেলো স্মৃতি ছবির আসল ফর্ম। ইমতিয়াজের সিগনেচার নন-লিনিয়ার গল্প বেয়ে আমরা আগু পিছু করতে থাকি।

  • এনকাউন্টার

    পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 12 জুলাই 2026

    "প্রভু, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমানে আঘাতে
    সর্বশ্রেষ্ঠ সে বিচার।"

    বলাই বাহুল্য এসব বলে গান্ধারী কিছুই আটকাতে পারেননি। দ্রৌপদীর বস্ত্রহরণ, আস্ত কুরুক্ষেত্রের যুদ্ধ, কোনও কিছুই এসব ধর্মকথা হাতে নিয়ে বসে থাকেনি। এই যুগের গুরুজনেরা তো বলেন রবীন্দ্রনাথ নিজেও অর্বাচীন কম নন, তিনি তো আর দেশভাগের ক্রাইসিস দেখেননি! ঐজন্যেই গান্ধারীর আবেদনে অত নীতিকথা লিখেছেন।

    তা দেখুন, গুরুজনেরা, বিশেষ করে রাষ্ট্রের গুরুজনেরা বলেন যখন ঠিকই বলবেন, তাঁদের বক্তব্যে ভুল ধরতে গেলে ঠিকানা পরিবর্তনের দরকার পড়তে পারে। সেটা কথা নয়। প্রশ্নটা হলো, বাংলায় এনকাউন্টার ফিরে পেয়ে আমরা ভেরি হ্যাপি। মেয়েদের বিচার এসে গেছে, এখন আমরা হৃষ্টচিত্তে ডিম থেরাপির মিমে ফিরে যাচ্ছি, আমাদের এই ইনস্ট্যান্ট জাস্টিসই কি তবে আমাদের রাজনীতির মোক্ষ? প্রতিশোধের রাজনীতি, প্রতিরোধের নয়?

  • গ্রে স্কেল তিন

    পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 27 ডিসেম্বর 2024

    টেলিভিশন জিনিসটা যারা আটের দশকে জন্মেছে তাদের জন্য একটা আস্ত জীবন্ত রূপকথা ছিল। এই কর লো দুনিয়া মুঠ্ঠি মে র অনেক আগের দিনকাল সেসব। আমার গল্পটা বলি, জানি এমন গল্প আছে এ দেশের অনেক প্রৌঢ় পাড়ায় পাড়ায়। তখন সদ্য সদ্য একটা আধটা মধ্যবিত্ত বাড়িতে ঢুকছে সাদা কালো টেলেরামা। রামানন্দ সাগরের ডিরেকশনে দারা সিং নতজানু হয়ে বসে বুক চিরে দেখাচ্ছেন রাম সীতার ছোট্ট পোস্টকার্ড সাইজ ছবি।

  • গুরু প্রণাম

    ঋতুপর্ণা ভট্টাচার্য | প্রকাশিত: 30 নভেম্বর 2024

    তেত্রিশ বছর আগের কথা। ক্লাস ফাইভে আমার প্রথম দিন, গরমের ছুটি পড়বে ঠিক তার পরদিন থেকে। নতুন স্কুলেও সেদিনই আমার প্রবেশ, মহারাষ্ট্র থেকে সদ্য এসেছি কলকাতায়, কথায় কথায় হিন্দি মারাঠি 'ঘুসে' যায় তখনও। মা বাবা ভর্তি করে দিলেন স্থানীয় ইশকুলে। রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠ, বাংলা মাধ্যম, সবুজ স্কার্ট শাদা শার্ট। তবে সেইদিন ছিল রঙ্গিন পোষাকের দিন, গরমের ছুটি পড়ে যাবে এর পর।

  • চা

    পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 21 মে 2024

    কেটলিতে আধহেমন্তের সকাল বুড়বুড়ি কাটছে। ঐ ঘাড়ে ঘাড়ে জোলো দুধ আর চিনির ডেলা পড়ল। রং দেখ, যেন সাক্ষাৎ মে মাসের দুপুর। সামান্য শিউরে উঠলেন সাঁপুইবাবু। হাতে হাতে পাচার হয়ে যে ভাঁড়টা এসে পৌঁছল তার খোঁদলে উষ্ণ তরলের ওপর পুরু সর। তাও মুখ দেখার ব্যর্থ চেষ্টা তিনি করবেনই। রোজকার মতন। রিফ্লেক্স।