কথকতার ছলে জীবনের গল্প বলে মেয়েদের দল Mad Balikas
শ্রুতি নাটক - বিদূষক
এডগার অ্যালান পোয়ের ছোটগল্প হপ-ফ্রগ অবলম্বনে শ্রুতিনাটক
সিরিজ: গা ছমছম | নাট্যরূপ: পারমিতা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 31 অক্টোবার 2021 | সময়কাল: 26 মিনিট 25 সেকেন্ড
চরিত্রলিপি:
  • ব্যাঙ / সোনা | সোমা দে
  • তিরি / ত্রির্ণা | অয়ন্তিকা দাস মণ্ডল
  • রাজা | পারমিতা বন্দ্যোপাধ্যায়
গান: তৃণা চক্রবর্তী

ভূমিকা

এডগার অ্যালান পো “Hop-Frog” নামে একটি ছোটগল্প লিখেছিলেন, যা প্রথম প্রকাশিত হয় ১৮৪৯ সালে। Hop-Frog নামের এক বামন ও বিকলাঙ্গ ব্যক্তি রাজার বিদূষক। তার একমাত্র বন্ধু ছিল ট্রিপেটা নামের এক বামন মেয়ে।রাজা ও তার সাত মন্ত্রী ছিল নিষ্ঠুর ও নৃশংস;  Hop-Frog-কে নিয়মিত অপমান করে, জোর করে মদ খাইয়ে মজা লুটত। এক বিশেষ ভোজসভায় Hop-Frog প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজে পায়।

হপফ্রগ গল্প হরর, রিভেঞ্জ যত ততটাই মেটাফরিক। রাজা আর তার সাত মন্ত্রীর কাণ্ড দেখে মনে হয়, এরা আদৌ আটটা আলাদা লোক না একই ইউনিট? একটাই রাষ্ট্র, একটাই দফতর, একটাই কুর্সি, সেইরকম না তো? ফ্যাসিজম তো অনেকটা ঐ রাজার মতন, ক্ষমতার মদে দিশেহারা হয়ে যাকে তাকে কামড়ে দেয়। তো কে পারে তার শোধ তুলতে? কী হয় শোধ তোলার পরে? কেমন হয় যদি এই বিন্দুগুলো ঘুরে যায়? পাওয়ার স্ট্রাকচারে যে যেখানে সে সেভাবে তার স্বৈরাচার চালিয়ে যায়, যতক্ষণ তার মেয়াদ। সিংহাসন তার কাজ করে যায়। এইটুকুই?

এই উত্তরগুলো খুঁজেছি আমরা এই গল্পের অনুপ্রেরণায় লিখিত শ্রুতিনাটক বিদূষকে। এখানে নাটকের অংশবিশেষ রইল সংলাপ আকারে।

নির্বাচিত চিত্রনাট্য

রাজা - কৈ, আমার মদের গেলাস খালি কেন? ভর্তি কর, ভর্তি কর। তা ব্যাঙ, আজ ভাঁড়ে নতুন কী ভাঁড়ামো এনেচ বাবা? ওহে মন্ত্রী, আজ ব্যাঙকে দেখে তোমাদের হাসি পাচ্ছে না?

হ্যাঁ মহারাজ

হ্যাঁ মহারাজ

খুব হাসি পাচ্ছে মহারাজ

হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে মহারাজ

হা হা হা, ঐ তো কুলোর মত পেট, ধামার মত বুক। লিকলিকে পাছার তলায় আর কিচ্ছু নেই। হা হা হা।

হা হা হা হা

ও হে ব্যাঙ?

ব্যাঙ - আজ্ঞে মহারাজ?

রাজা - তুমি যখন মায়ের পেট থেকে বেরিয়েছিলে, মায়ের পেট থেকে বেরিয়ে বাচ্চারা কাঁদে ঠিক কি না?

ঠিক ঠিক ঠিক

তা, তুমি যখন মায়ের পেট থেকে বেরোলে, তুমি কী করলে ব্যাঙ?

ব্যাঙ - আমি উউউ (শেয়ালের ডাক) করে খানিকটা কেঁদে নিয়েই একটা পোকা দেখতে পেলুম।

রাজা - হা হা হা, ব্যাঙের চোখ। তারপর?

তারপর? তারপর? তারপর?

ব্যাঙ - তারপরে, আমি খপ করে পোকাটা খেয়ে ফেলে, একটা ঢক করে ঢেকুর তুলে গ্যাঙর গ্যাঙ করলুম রাজামশাই।

রাজা - হা হা হা, ঐ, ঐ, দেওয়ালে একটা মাছি বসে আছে, ব্যাঙ?

ব্যাঙ - গ্যাঙর গ্যাঙ। মাছি মাছি। ওটাকে খেতে (জিভ দিয়ে নাল টানার শব্দ করে); মহারাজ, দেওয়াল বাইতে হবে।

রাজা - দেওয়াল? দেওয়াল কারা বায় ব্যাঙ?

ব্যাঙ - বাঁদরে দেওয়াল বায় মহারাজ

রাজা - বাঁদর হও ব্যাঙ

ব্যাঙ - হুপ হুপ হুপ। উউউউ (বাঁদরের গলার আওয়াজ করে) মাছি, মাছি, খাই চাঁছিপুঁছি

রাজা - এই তো, সাবাস, হা হা হা, ব্যাঙ মাছি খাচ্ছে।

হা হা হা

হা হা হা

হা হা হা

ব্যাঙ - ব্যাঙ তারপরে বাঁদরের মত কলাগাছে চড়ে

রাজা - কলাগাছে চড়ে কী? ব্যাঙ?

কী, কী, কী?

ব্যাঙ - দোল খেতে - খেতে, দোল খেতে-খেতে

রাজা - হা হা হা, সাবাশ (হাততালি)

ব্যাঙ - দোল খেতে-খেতে ব্যাঙ দেখল তার ত্রিভুবনে কেউ নেই, সব মরে হেজে গেছে। কোথাও যাবার নেই, কোনো কাজে সে লাগে না। বেকার ব্যাঙ, অকর্মণ্য ব্যাঙ।

রাজা - অকম্মা ব্যাঙ। হা হা, তারপর?

ব্যাঙ - তারপরে ব্যাঙ শুনতে পেল মহারাজ ডাকছেন, আয় -আয়-আয়-আয়

রাজা -

আ আ আ চু চু চু

আ আ আ

চু চু চু

ব্যাঙ - ব্যাঙ শুনতে পেল মহারাজ বলছেন আমায় কে হাসাতে পারে? আমায় কে হাসাতে পারে?

রাজা - কে কে কে?

কে পারে? কে পারে?

ব্যাঙ - ব্যাঙ দোলে-দোলে আর ভাবে-ভাবে। এমন সময় এল মস্ত ঝড়। হাওয়ার দাপটে গোরু ওড়ে, বাঘ ওড়ে, উড়তে উড়তে গোরুটা বাঘকে, না না, বাঘটা গোরুকে চিবিয়ে খেল।

রাজা - হা হা হা, গোরুতেই বাঘ খাক। হা হা হা

ব্যাঙ - গোরুতেই বাঘ খেল। ব্যাঙ কোনোমতে লুকিয়ে চুরিয়ে উড়তে উড়তে এসে পড়ল মহারাজের আসরে।

রাজা - ব্যাঙ?

ব্যাঙ - মহারাজ?

রাজা - গোরুটা তোমার পেছনে নেই তো?

ব্যাঙ - আজ্ঞে না মহারাজ। সেই গরুটা আমি খেয়ে ফেলেছি। সেই থেকে আমার ধামার মত পেট।

রাজা - হা হা হা হা। কেয়াবাৎ ব্যাঙ।

কেয়াবাৎ কেয়াবাৎ

ব্যাঙ হল দুনিয়ার সেরা ভাঁড়। ঢুঁড়ে দেখাক কেউ এমন ভাঁড় আর একটা? বলুক আমার মন্ত্রীরা? পাবে এমন ভাঁড় কেউ?

না না না, কোথাও পাবে না

ব্যাঙ আমাদের সেরা ভাঁড়

এ কি, আমার গেলাস খালি? মদ দাও গেলাসে। তিরি? ফাঁকি দিচ্ছিস আজকাল কাজে?

তিরি - এই যে, মহারাজ। ভরে দিচ্ছি

রাজা - হা হা হা, সত্যি বল তিরি, তুই ও তো বেঁটে বাঁটকুল, তোরও ব্যাঙকে দেখে হাসি পায়?

নাকি, তুই ব্যাঙকে দেখছিলি? আমায় মদ দিতে ভুলে গেলি।

ব্যাঙ - আমাকে দেখে আর হাসি না পেলে আমার কী হবে মহারাজ? ব্যাঙ ভাঁড় ভুঁড়ি শুকিয়ে মরবে

রাজা - হা হা হা, ভুঁড়ি শুকিয়ে মরবে। হো হো হো

তিরি - হি হি হি, ওকে দেখলেই কেমন হাসি পায়। আমি বেঁটে হলেও সুন্দরী। তাই তো মহারাজ আমাকে সেবা করার সুযোগ দেন।

ব্যাঙ - আর আমি বামনকুলের কুলমার্তণ্ড। পেটের মধ্যে একঝুড়ি কুল নিয়ে বসে আছি।

তিরি - হি হি হি

রাজা - হা হা হা। মন্ত্রী? কোন রাজ্যের সেনা ভালো, কোন দেশের মেয়েছেলে ভালো। আমার দেশে কোনটা ভালো?

আপনার ভাঁড় দুনিয়ার সেরা ভাঁড় মহারাজ!

হা হা হা। সেরা ভাঁড়। এই যে ব্যাঙ, এসো এক পাত্তর মদ চড়াও দেখি?

ব্যাঙ - আজ্ঞে মহারাজ, মদ খেলে আমার কষ্ট হয় মাথা ঘোরে

রাজা - হা হা হা, মাথা ঘোরে। আর কী হয়? ব্যাঙ?

ব্যাঙ - বমি হয় মহারাজ

রাজা - হা হা হা, শুনলে, বমি হয় ব্যাঙের। তা, তুমি ক'মাস পোয়াতি হে ব্যাঙ?

কমাস? ক'মাস? ক'মাস?

ব্যাঙ - আজ্ঞে না মহারাজ, পোয়াতি নই। এই যে, (গেলাস থেকে মদ খেয়ে), খেলুম।

রাজা - হা হা হা। নও? তা হলে আরোও মদ খাও। উঁহু, গেলাস আমাদের জন্য।এবারে ঐ জালাটা তোলো, জাম্বুবানের মত শক্তি তো, তোলো তোলো, অ্যা, এবারে খাও। ঢকঢক করে। খালি না করে নামালে মুণ্ডু থাকবে না হে ভাঁড়। তখন? তখন? মরা ব্যাঙ? লাখ টাকা। হা হা হা।

লাখ টাকা, লাখ টাকা, লাখ টাকা

ব্যাঙ - যে আজ্ঞে মহারাজ

তিরি - মহারাজ? ব্যাঙের শরীরটা ভালো নেই, এক কলসী মদ খেলে ও আর বাঁচবে না হুজুর

রাজা - বটে? তুই আমার থেকে বেশি জানিস?

তিরি- না মহারাজ, সত্যি ওর শরীর ভালো নেই। সকালেও জ্বর ছিল গায়ে, আমি নিজে দেখেছি।

রাজা - উউউউউউ, কত দরদ রে, আমার ভাঁড়ের গা কত গরম গিয়ে দেখে এসেছিস? কেন রে, ওকে বে করবি নাকি? পাছার তলায় কিসু নাই, তাকে বে করবি?

তিরি - ( কেঁদে ফেলে) না মহারাজ। আমি কিচ্ছু করব না। দোহাই, ওকে কলসীটা নামাতে বলুন। আর মদ খেলে ও মরে - মা গো

রাজা - ভাঁড়ের ব্যথায় একেবারে বুক টনটন করছে হ্যাঁ? বাঁটকুলি বামন এই নে, তুইও মদ গেল

তিরি - আ আ লাগছে আহ।

রাজা - হে হে, লাগলে হবে? ঘাড়টা এমনি করে কাত করে মদ গিলতে হয়, ঢলানি ছেনাল, বুঝলি?

তিরি - দমফাটা কাশির আওয়াজ

পরবর্তী অংশ শুনুন ইউটিউবে

আপনার মতামত

এর উত্তরে Some User

এই বিভাগের অন্যান্য পোস্টসমূহ

  • শ্রুতি নাটক - মেঘমল্লার

    মেঘমল্লার

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে শ্রুতিনাটক
    সিরিজ: গা ছমছম | নাট্যরূপ: পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 18 জুন 2022 | সময়কাল: 36 মিনিট 46 সেকেন্ড

    মেঘমল্লার বিভূতিভূষণের প্রথম গল্পগ্রন্থ। ১৯৩১ সালে প্রকাশিত এই ছোটগল্প সংকলনের একটি গল্প মেঘমল্লার।

    এই গল্পটি যথাসম্ভব অবিকৃত রেখে আমরা এর নাট্যরূপ দিয়েছি। এখানে নাটকের অংশবিশেষ রইল সংলাপ আকারে।

  • টেগার্টের ডায়েরি চ্যাপ্টার ৩ - বাঘা যতীন

    টেগার্টের ডায়েরি চ্যাপ্টার ৩

    বাঘা যতীন

    সিরিজ: ইতিহাস কথা কয়
    প্রকাশিত: 12 আগস্ট 2022 | সময়কাল: 21 মিনিট 38 সেকেন্ড

    1915 সালে নয়ই সেপ্টেম্বর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন পাঁচজন সহযোদ্ধা নিয়ে তিনশো ইংরেজ সৈন্যর সঙ্গে যুদ্ধ করেন। বালাসোরে বুড়িবালাম নদীর তীরে এই যুদ্ধ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই সৈন্যবাহিনীতে টেগার্ট নিজেও ছিলেন গোয়েন্দা বিভাগের তরফে। টেগার্টের দৃষ্টিভঙ্গি থেকে নির্মিত শ্রুতিনাটকের কিছু সংলাপ এখানে রইল।

  • টেগার্টের ডায়েরি চ্যাপ্টার ১ - বিনয় বাদল দীনেশ

    টেগার্টের ডায়েরি চ্যাপ্টার ১

    বিনয় বাদল দীনেশ

    সিরিজ: ইতিহাস কথা কয় | নাট্যরূপ: পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 23 জানুয়ারী 2022 | সময়কাল: 23 মিনিট 21 সেকেন্ড

    গল্পটা আমাদের মোটামুটি চেনা। ইতিহাস বইয়ে বিনয় বাদল দীনেশের অলিন্দ যুদ্ধের আখ্যান পড়েনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। অথচ ব্রিটিশ রাজ যে তাঁদের দেগে দিচ্ছে আর্বান ডাকাত বলে, তা খুব একটা জানা কথা নয়। বিনয় বোস যখন গুলি খেয়ে হাসপাতালে, কমিশনার টেগার্ট সশরীরে গিয়ে বিনয় বোসকে দর্শন দিয়ে এলেন। পরের দিন দেখা গেল বিনয়ের আঙুলের গাঁটগুলো সব ভাঙা।

    অগ্নিযুগে বিপ্লবের জানা-অজানা কাহিনী নিয়ে ব্রিটিশ পুলিশ অফিসারের দৃষ্টিকোণ থেকে তৈরি শ্রুতিনাটক টেগার্টের ডায়েরি। চ্যাপ্টার ১ নির্মিত হয়েছে বিনয়-বাদল-দীনেশের রাইটার্স অভিযানের ওপরে। শ্রুতিনাটকের কিছু সংলাপ এখানে রইল।

  • বর্ষামঙ্গল - গীতি-কবিতা আলেখ্য

    বর্ষামঙ্গল - গীতি-কবিতা আলেখ্য

    সিরিজ: গল্প-গাছা | রচনা: পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 01 আগস্ট 2021 | সময়কাল: 44 মিনিট

    ভরা বর্ষায় আঁচল পেতে বসে থাকে বঙ্গজননী। নদীনালার কূল ছাপিয়ে বন্যা হবে। কিছু রোয়া ধান ভেসে যাবে। কুঁড়ে গোয়াল ছেড়ে একটা ছাগল কি দুটো মুর্গি সম্বল করে হেঁটে যাবে চাষাভুষোর দল। সম্বচ্ছর উদ্বাস্তু হতে হয় তাদের। গ্রামের নেড়িগুলো অবাক চোখে দেখবে একরত্তি ভেলাগুলোতে তাদের ঠাঁই নেই। পরে, রোগব্যাধি ক্ষয়ক্ষতির ষোলকলা পূর্ণ করে, জল সরবে, রেখে যাবে প্লাবনভূমির উত্তরাধিকার।

    ভরা বর্ষায় জল বাড়ে তাড়াতাড়ি। নদীতে, রাস্তায়, খাদানে কুলি কামিনরা কাজ বন্ধ করবে, কখনও তার আগেই ঘটে যাবে দুর্ঘটনা। ডুবে নিখোঁজ হয়ে যেতে যেতে মজুরদের মনে পড়বে না কতপুরুষ আগে, বিদেশী রাজাদের শিল্পবিপ্লব হওয়ার আগে, তাদের হাতে লাঙল ছিল, জল সরলে তারা সোনা ফলাত। কোনও এক গাঁয়ের বধূর গোলাভরা ধান ছিলো, উঠোনে আলপনা ছিলো। সে থাক। অপঘাত মানুষকে জাতিস্মর করবে এমন কোনো কথা নেই।

    বর্ষামঙ্গল - আমাদের শেকড়ের কথা। গানে কবিতায় ছবি আঁকি।

  • টেগার্টের ডায়েরি চ্যাপ্টার ২ - ননীবালা দেবী

    টেগার্টের ডায়েরি চ্যাপ্টার ২

    ননীবালা দেবী

    সিরিজ: ইতিহাস কথা কয় | নাট্যরূপ: পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 10 আগস্ট 2022 | সময়কাল: 16 মিনিট 9 সেকেন্ড

    আমাদের এই চ্যাপ্টারে আছেন এক ব্ল্যাক উইডো। তিনি হলেন ননীবালা দেবী। ননীবালা দেবী। বাংলার প্রথম মহিলা রাজবন্দী। অফিসিয়ালি প্রথম থার্ড ডিগ্রী খাওয়া মহিলা রাজবন্দী ননীবালা দেবী। শরীরে দুবাটি লঙ্কাবাটা ঢোকানোর পরেও মুখ না খোলা ননীবালা দেবী।

    টেগার্টের ডায়রীর দ্বিতীয় পর্ব, নির্মিত হয়েছে বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননীবালা দেবীর ওপরে। শ্রুতিনাটকের কিছু সংলাপ এখানে রইল।

  • Ajeeb Dastaan - বাঈজীদের গল্প

    Ajeeb Dastaan - বাঈজীদের গল্প

    সিরিজ: ইতিহাস কথা কয় | নাট্যরূপ: পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 06 মার্চ 2022 | সময়কাল: 26 মিনিট 41 সেকেন্ড
    প্রাপ্ত-বয়স্কদের জন্য

    বিস্মৃত যুগের নগরবধূ থেকে মহারাণী ভিক্টোরিয়ার ইন্ডিয়ান উপনিবেশের বাঈজীদের ব্যাপ্তিতে আমরা খুঁজতে চেয়েছি নটীদের সামাজিক অবস্থানের বিবর্তনের ইতিহাস। এই শ্রুতিনাটক কাল্পনিক হলেও যে ইতিহাসের গল্প আমরা বলেছি তা আমাদের উপনিবেশের অমোঘ সত্য।

  • শরতের খোলা খাম ব্যানার

    শরতের খোলা খাম

    সিরিজ: গল্প-গাছা | নাট্যরূপ: তৃণা চক্রবর্তী, পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 10 অক্টোবার 2021 | সময়কাল: 59 মিনিট 32 সেকেন্ড

    সাদিক হোসেন, সাকিন মুর্শিদাবাদ

    অনামিকা মিত্র, সাকিন উত্তর কলকাতা

    রাজযোটক যে নয় সাদিক-অনামিকা তা জানতে কোষ্ঠীবিচার লাগবে না। দুর্গ্রহলগ্নে ওদের জন্ম। তাই তো নেট পরীক্ষা দিতে গিয়ে পাশাপাশি সিট পড়ে। সময় বুঝে কালি খতম হয়ে যায় সাদিকের। ঝট করে পেন বাড়িয়ে দেয় পাশ থেকে অচেনা অনামিকা। ডটপেনের মূল্যবাবদ পরীক্ষার পরের চা আর প্রজাপতি বিস্কুটটা অফার করে সাদিক। তারপর? অনামিকার গালে টোল পড়ে, সাদিকের গিটারে বোল ধরে, কাশফুলে লাগে দোল। যা হবার তাই হয়। অথচ তখন সদ্য নয়ের দশক। বাবরি মসজিদ অক্ষত। ভাবা যায়?

    সাদিক অনামিকার প্রেমটা বেশিদিন টেকেনি। কিন্তু টেঁকসই প্রেম ঠিক কেমন? এই যে প্রতি পুজোয় এরা এখনও একজন আরেকজনকে মনে করে চিঠি লেখে, লিখে সে চিঠি রেখে দেয় যার যার ডায়রিতে, এটা প্রেম, না অন্য কিছু? এই চিঠি আর কিছু গান কবিতা নিয়ে শ্রুতিনাটক শরতের খোলা খাম। কিছু চিঠি থাকল এখানে আপনাদের জন্য।

  • গঙ্গাহৃদিপদ্মে

    গঙ্গাহৃদিপদ্মে

    সিরিজ: ইতিহাস কথা কয় | নাট্যরূপ: পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 23 এপ্রিল 2023 | সময়কাল: 1 ঘন্টা 20 মিনিট 31 সেকেন্ড

    "দেবদাসী সুতনুকা রূপদক্ষ দেবদিন্নকে কামনা করিয়াছিল"

    সম্ভবত পৃথিবীর প্রাচীনতম প্রেমপত্র - ছত্তিসগড়ের যোগমারি গুহায় খোদিত হয়ে আছে আনুমানিক খ্রীষ্টপূর্ব তৃতীয় শতক থেকে। কে সুতনুকা কে দেবদিন্ন, কোথা থেকে এসেছিল তারা, পালিভাষায় সত্যিই কী বলতে চেয়েছিল, ইতিহাস তা জানে না।

    কেমন হয় যদি সুতনুকা আর দেবদিন্নের আদি সাকিন হয় আসলে বাংলাভূমি? কৈবর্ত, শূদ্রদের সে রাজত্ব বলকা দেবী, গঙ্গামায়ের দিব্যি দিয়ে বাইরের শত্তুরদের খেদিয়ে এসেছে এতদিন। তাদের বল্লমের নিশানা দেখে তফাত হয়েছেন আলেকজান্দার স্বয়ং। তাদের সোনার বাংলায় বাণিজ্যে ফসলে সমৃদ্ধিতে জ্বলজ্বল করছে চন্দ্রকেতুগড়। হয়ত এই আলেকজান্ডারের গঙ্গাহৃদি?

    এই সব সারেগামা এসে কোথাও মিলবে আমাদেরই সামনে যোগশিরা গুহায়। সুতনুকা আর দেবদিন্নের ভালোবাসার শেষ অঙ্কে। গঙ্গাহৃদিপদ্মে।