কথকতার ছলে জীবনের গল্প বলে মেয়েদের দল Mad Balikas
শ্রুতি নাটক - হৃদমাঝারে
এডগার অ্যালান পো’র ছোটগল্প “The Tell-Tale Heart” অবলম্বনে শ্রুতিনাটক
সিরিজ: গা ছমছম | নাট্যরূপ: পারমিতা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 22 অক্টোবার 2022 | সময়কাল: 17 মিনিট 22 সেকেন্ড
চরিত্রলিপি:
  • কথক | পারমিতা বন্দ্যোপাধ্যায়
  • বুড়ি | সোমা দে
  • ঝর্ণা | অয়ন্তিকা দাস মণ্ডল
  • পুলিশ | সুস্মিতা দাস

ভূমিকা

এডগার অ্যালান পো’র ছোটগল্প “The Tell-Tale Heart” একটি বিখ্যাত সাইকোলজিক্যাল হরর থ্রিলার। এই কালজয়ী গল্প যদি নেমে আসে লকডাউনের বেকারত্ব নিয়ে অবসাদে ভোগা চেনা মানুষের অচেনা হিংস্র আচরণে, যদি একলা থাকা বৃদ্ধাকে সহজে ডাইনী বলে দাগিয়ে দেওয়া যায়, তাহলে কেমন হতে পারত? সেই অনুমানে নির্মিত ভয়ের শ্রুতিনাটক হৃদমাঝারে। নাটকের কিছু সংলাপ রইল এখানে।

নির্বাচিত চিত্রনাট্য

গান

তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দিব না

বুড়ি

অ গৌর, গৌর আমার। কোথায় গেলি রে? বড় শীত লাগে গৌর। তা ঘুমালি নাকি বাছা? অ গৌর। শুয়ে পড়লি?

কথক

বুড়ি আবার ডাকছে। ধোর, ডেটা প্যাকও শেষ। ডবকা মালটার ভিডিও দেখছিলাম, এখন ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। ও ডাইনী বুড়ি নজর দিয়েছে শিওর। ধ্যার, মরেও না বুড়ি।

বুড়ি

অ গৌর, গোপাল আমার! ঘুমালি বাছা?

কথক

কী? ব্যাপারটা কী? ক্যাঁক ক্যাঁক করে চেল্লাচ্ছ কেন বুড়ি? তোমার পেয়ারের গৌর বেঁচে নেই, কোনকালে মরে হেজে গেছে। যত ভীমরতি।

বুড়ি

অ্যাঁ? অ মানিক, জানলাটা বন্ধ করে দে না বাছা। খটখট শব্দ হয়, আমার তরাস লাগে।

কথক

অ্যাহ, নাকি তরাস লাগে। কিসের এত ভয় তোমার?

বুড়ি

ও মা, খাটের নীচে আমার গয়নার পুঁটুলি আছে, যদি - যদি চোর ডাকাতে নিয়ে যায়?

কথক

তোমার গয়না কে ছোঁবে? চোর ডাকাতেরও প্রাণের মায়া আছে। তোমার মত অপয়া লোকের নজর পড়লে তাকে আর ঐ সোনাদানা ভোগে লাগাতে হবে না। ক্কী - কি হল? অ-অমন করে ড্যাবড্যাব করে কী দেখছ, অ্যাঁ?

বুড়ি

তোর বৌকে আমার হারটা দেব। একটা হার আছে আমার, বুঝলি?

কথক

রাখো তোমার হার। এই যে, জানলা বন্ধ, এবারে হয়েছে তো? চুপচাপ শুয়ে পড় এবার, আমাকে রেহাই দাও।

বুড়ি

অ গৌর, ছেড়ে দিব না। তোমায় হৃদমাঝারে রাখিব - (ফেড আউট)

কথক

বুড়ি একেবারে শকুন-চোখ দিয়ে দেখছিল। সালা, আমার না কিছু হয়ে যায়। বহুত পাপ করেছিলাম আর জন্মে, তাই এমন ফেঁসে গেছি। সালার লকডাউনে সেই যে চাকরিটা চলে গেল, আর কিছু লাগছেই না। বাড়িভাড়া বাঁচানোর চক্করে এই অপয়া বুড়িটার খপ্পরে পড়লাম, আর চাকরি হয়? গ্রামে ফিরব তার তো আর উপায়ও নেই, রূপাবৌদির সঙ্গে কেস করে এসেছিলাম, আমায় দেখতে পেলে পুঁতে রেখে দেবে।

উফফ, কেন যে মরতে এই বুড়িটার আস্তানায় এলাম। দুবেলা ডালভাত খেতে পাই, বদলে ও বুড়ি শকুন-চোখ দিয়ে আমার রক্ত চুষে খায়, আমি দিব্যি বুঝতে পারি। ডাইনী, ডাইনী। বুড়ি পাক্কা ডাইনী আছে।

হার! আমার বৌকে নাকি হার দেবে। ওর গয়না কে ছোঁবে? আচ্ছা, ওর একটা চোখ ওরকম কটা আর ঘোলাটে, কেন? ছোটবেলায় গল্প শুনেছি, ডাইনীদের এরকম হয়। বুড়ি সত্যিই ডাইনী?

(রিংটোন)

হ্যালো, হ্যালো। হ্যাঁ, আপনাকে কল করেছিলাম স্যার। আপনি বলেছিলেন একটা কাজ দেবেন স্যার, তাই - অ্যাঁ? লোক পেয়ে গেছেন? হ্যাঁ? আপনার চেনা লোক? ও আচ্ছা। আমার তাহলে, হল না? স্যার, বাইকটা তো চালাতে পারি না, নইলে ডেলিভারির কাজটা - হ্যালো? একটু - একটু দেখবেন স্যার। হ্যালো?

সালা এই কাজটাও ভোগে গেল। জানতাম। বারের ঠাকুরের পুজো দিলাম, মাদুলি নিলাম, তাতেও হল না। ঐ ডাইনীর শয়তান চোখে পড়েছি, আর আমার কি হবে? কি হবে! আ-আমি বাঁচব তো?

বুড়ি - বুড়িটাকে যদি ম্-মেরে ফেলি? অ্যাঁ? ডাইনী মরলে আমার ওপর আর নজর দিতে পারবে না, হ্যাঁ? আর - আর, ডাইনী বুড়ি মরে গেলে তখন ঐ সোনা গয়নায় দোষ কী? এই বাড়িতে দোষ কী? অ্যাঁ?

তাহলে? বুড়িটাকে মেরে ফেলি?

দেখি, কী করছে। ঘুমিয়েছে ডাইনীটা? দেখি?

ঝিমোচ্ছে না ঘুমোচ্ছে?

(দরজার ক্যাঁচ ক্যাঁচ শব্দ)

বুড়ি

কে? কে? ও কি শব্দ হয়? অ গৌর! ও গোপাল!

কথক

বুড়ি জেগে আছে? এখন না। ওয়েট করি।

বুড়ি

কি শব্দ হল যেন? ইঁদুর টিঁদুর হবে। গোপালের জন্য মোয়া রেখেছি তক্তোপোশের নীচে, ইঁদুরে না খেয়ে নেয়।

কথক

কি বিড়বিড় করছে? যাব? বুড়ি যদি দেখে ফেলে?

বুড়ি

অ গৌর রে। তোমায় হৃদ-মাঝারে রাখিব, ছেড়ে দিব না। তোমায় হৃদ্-মাঝারে রাখিব। ছেড়ে দিব না। আমার যে আর কেউ নেই রে গৌর। তরাস লাগে। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না, ছেড়ে দিব না।

কথক

এই তো, টর্চটা দেখি, হ্যাঁ। ঐ ডাইনী চোখটায় সোজা টর্চ মারব, বুড়ি আমাকে দেখতেই পাবে না।

বুড়ি

তোমায় হৃদ-মাঝারে রাখিব - আআআহ আহ, ও মা গো!

পরবর্তী অংশ শুনুন ইউটিউবে

আপনার মতামত

এর উত্তরে Some User

এই বিভাগের অন্যান্য পোস্টসমূহ

  • শ্রুতি নাটক - মেঘমল্লার

    মেঘমল্লার

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে শ্রুতিনাটক
    সিরিজ: গা ছমছম | নাট্যরূপ: পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 18 জুন 2022 | সময়কাল: 36 মিনিট 46 সেকেন্ড

    মেঘমল্লার বিভূতিভূষণের প্রথম গল্পগ্রন্থ। ১৯৩১ সালে প্রকাশিত এই ছোটগল্প সংকলনের একটি গল্প মেঘমল্লার।

    এই গল্পটি যথাসম্ভব অবিকৃত রেখে আমরা এর নাট্যরূপ দিয়েছি। এখানে নাটকের অংশবিশেষ রইল সংলাপ আকারে।

  • টেগার্টের ডায়েরি চ্যাপ্টার ১ - বিনয় বাদল দীনেশ

    টেগার্টের ডায়েরি চ্যাপ্টার ১

    বিনয় বাদল দীনেশ

    সিরিজ: ইতিহাস কথা কয় | নাট্যরূপ: পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 23 জানুয়ারী 2022 | সময়কাল: 23 মিনিট 21 সেকেন্ড

    গল্পটা আমাদের মোটামুটি চেনা। ইতিহাস বইয়ে বিনয় বাদল দীনেশের অলিন্দ যুদ্ধের আখ্যান পড়েনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। অথচ ব্রিটিশ রাজ যে তাঁদের দেগে দিচ্ছে আর্বান ডাকাত বলে, তা খুব একটা জানা কথা নয়। বিনয় বোস যখন গুলি খেয়ে হাসপাতালে, কমিশনার টেগার্ট সশরীরে গিয়ে বিনয় বোসকে দর্শন দিয়ে এলেন। পরের দিন দেখা গেল বিনয়ের আঙুলের গাঁটগুলো সব ভাঙা।

    অগ্নিযুগে বিপ্লবের জানা-অজানা কাহিনী নিয়ে ব্রিটিশ পুলিশ অফিসারের দৃষ্টিকোণ থেকে তৈরি শ্রুতিনাটক টেগার্টের ডায়েরি। চ্যাপ্টার ১ নির্মিত হয়েছে বিনয়-বাদল-দীনেশের রাইটার্স অভিযানের ওপরে। শ্রুতিনাটকের কিছু সংলাপ এখানে রইল।

  • শুধু তোমার জন্য ব্যানার

    শুধু তোমার জন্য

    সিরিজ: গল্প-গাছা | নাট্যরূপ: পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 26 সেপ্টেম্বর 2021 | সময়কাল: 1 ঘন্টা 29 মিনিট 16 সেকেন্ড

    আসিফা ফেরারী জীবনের শেষ রাতে জ্বরের ঘোরে এক তেঁতুল গাছের সঙ্গে গল্প করছিল। সে গল্পে দেবদাস আছে, বিদ্যাপতি আছেন, রবীন্দ্রসঙ্গীত আছে, আর আছে এক প্রেমের গল্প - তোমাকে চাই। সেসব নিয়েই শ্রুতিনাটক শুধু তোমার জন্য, আসিফা ট্রিলজির দ্বিতীয় অংশ।এর শুরুতে আছে শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবদাস অবলম্বনে শ্রুতিনাটক দেবদাস পাঠ অভিনয়। আর ক্লাইম্যাক্সে আছে ও’হেনরীর “A Service of Love” গল্পের ছায়া অবলম্বনে নির্মিত শ্রুতিনাটক “তোমাকে চাই।”

  • বিষকন্যা

    বিষকন্যা

    সিরিজ: ইতিহাস কথা কয় | নাট্যরূপ: পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 05 নভেম্বর 2022 | সময়কাল: 1 ঘন্টা 30 মিনিট 21 সেকেন্ড

    প্রাচীন ভারতীয় রাজনীতির এক অমোঘ দৈব অস্ত্র বিষকন্যা। এক অপরূপা মোহিনী নারী - যে পুরুষ তাঁকে কামনা করে তার সর্বনাশ হয়। সে রাজাই হোক বা অমাত্য। কোনো বাস্তব প্রমাণ নেই এমন অস্তিত্বের, তবু কল্পকাহিনীতে এই নিয়ে কত গল্প হয়েছে তার লেখাজোখা নেই। যেমন, শরদিন্দু বন্দোপাধ্যায়ের প্রবল জনপ্রিয় ঐতিহাসিক কাহিনী বিষকন্যা। ষোড়শ মহাজনপদের এই কাহিনীর আর একটি চিত্রনাট্যরূপ উপন্যাস তিনি লিখেছেন - “বহু যুগের ওপার হতে”।

    আমাদের এই শ্রুতিনাটক এই দুইটি কাহিনীর ছায়া অবলম্বনে নির্মিত। নাটকের প্রেম প্রতিশোধের ট্র্যাক অক্ষুণ্ণ রেখে আমরা উল্কাকে সামান্য বেশি অধিকার দেবার চেষ্টা করেছি। রতিক্রীড়ায় পারদর্শিতাকে ছাপিয়ে রাজনীতির সিদ্ধান্তের অধিকার, তাও পিতৃতান্ত্রিক সিস্টেমের মধ্যে, সেসব চাইলে এক বিষকন্যাকে কতটা কী পেতে হয় এইটুকুই আমাদের খোঁজ এই নাটকে। সংলাপের অংশবিশেষ এখানে থাকল।

  • টেগার্টের ডায়েরি চ্যাপ্টার ৩ - বাঘা যতীন

    টেগার্টের ডায়েরি চ্যাপ্টার ৩

    বাঘা যতীন

    সিরিজ: ইতিহাস কথা কয়
    প্রকাশিত: 12 আগস্ট 2022 | সময়কাল: 21 মিনিট 38 সেকেন্ড

    1915 সালে নয়ই সেপ্টেম্বর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন পাঁচজন সহযোদ্ধা নিয়ে তিনশো ইংরেজ সৈন্যর সঙ্গে যুদ্ধ করেন। বালাসোরে বুড়িবালাম নদীর তীরে এই যুদ্ধ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই সৈন্যবাহিনীতে টেগার্ট নিজেও ছিলেন গোয়েন্দা বিভাগের তরফে। টেগার্টের দৃষ্টিভঙ্গি থেকে নির্মিত শ্রুতিনাটকের কিছু সংলাপ এখানে রইল।

  • দ্রোহকাল - তিন পর্ব

    দ্রোহকাল - তিন পর্ব

    সিরিজ: ইতিহাস কথা কয় | নাট্যরূপ: পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 19 ডিসেম্বর 2021 | সময়কাল: 1 ঘন্টা 36 মিনিট 9 সেকেন্ড

    দ্রোহকাল একটি ঐতিহাসিক কল্পকাহিনী। গৌতম বুদ্ধের সমসাময়িক এই কাহিনী অজাতশত্রুর রাজত্বের প্রথমদিকের ঘটনাবলীর ওপর আধারিত। চারশ নব্বই খ্রীষ্টপূর্বাব্দ নাগাদ অজাতশত্রুর বৈশালী আক্রমণের পর থেকে মগধের তৎকালীন রাজধানী রাজগৃহে এই কাহিনীর সূত্রপাত। রবীন্দ্রনাথের পূজারিণী কবিতায় যে ঘটনার উল্লেখ আছে, এমনকি বাণী বসুর মৈত্রেয় জাতকের দ্বিতীয় পর্বেও যার আভাস পাওয়া যায়, সেই শ্রীমতির অর্ঘ্যদানের দ্রোহ সম্বল করে শ্রুতিনাটক- দ্রোহকাল। তিন পর্বে প্রকাশিত।

    এই কাহিনী আমাদের আসিফা ট্রিলজির শেষ কিস্তিও বটে। তিহার থেকে বলছি এবং শুধু তোমার জন্যর পর আমরা শেষবার দেখা পাব আসিফার। 

    নাটকের প্রধান চরিত্রে আছেন অজাতশত্রু, দেবদত্ত, শ্রীমতি, আম্রপালী এবং এক বিদেশী।

    এখানে নাটকের অংশবিশেষ রইল সংলাপ আকারে।

  • শরতের খোলা খাম ব্যানার

    শরতের খোলা খাম

    সিরিজ: গল্প-গাছা | নাট্যরূপ: তৃণা চক্রবর্তী, পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 10 অক্টোবার 2021 | সময়কাল: 59 মিনিট 32 সেকেন্ড

    সাদিক হোসেন, সাকিন মুর্শিদাবাদ

    অনামিকা মিত্র, সাকিন উত্তর কলকাতা

    রাজযোটক যে নয় সাদিক-অনামিকা তা জানতে কোষ্ঠীবিচার লাগবে না। দুর্গ্রহলগ্নে ওদের জন্ম। তাই তো নেট পরীক্ষা দিতে গিয়ে পাশাপাশি সিট পড়ে। সময় বুঝে কালি খতম হয়ে যায় সাদিকের। ঝট করে পেন বাড়িয়ে দেয় পাশ থেকে অচেনা অনামিকা। ডটপেনের মূল্যবাবদ পরীক্ষার পরের চা আর প্রজাপতি বিস্কুটটা অফার করে সাদিক। তারপর? অনামিকার গালে টোল পড়ে, সাদিকের গিটারে বোল ধরে, কাশফুলে লাগে দোল। যা হবার তাই হয়। অথচ তখন সদ্য নয়ের দশক। বাবরি মসজিদ অক্ষত। ভাবা যায়?

    সাদিক অনামিকার প্রেমটা বেশিদিন টেকেনি। কিন্তু টেঁকসই প্রেম ঠিক কেমন? এই যে প্রতি পুজোয় এরা এখনও একজন আরেকজনকে মনে করে চিঠি লেখে, লিখে সে চিঠি রেখে দেয় যার যার ডায়রিতে, এটা প্রেম, না অন্য কিছু? এই চিঠি আর কিছু গান কবিতা নিয়ে শ্রুতিনাটক শরতের খোলা খাম। কিছু চিঠি থাকল এখানে আপনাদের জন্য।

  • তিহার থেকে বলছি

    তিহার থেকে বলছি

    সিরিজ: গল্প-গাছা | নাট্যরূপ: পারমিতা বন্দ্যোপাধ্যায়
    প্রকাশিত: 08 মে 2022 | সময়কাল: 1 ঘন্টা 27 মিনিট 25 সেকেন্ড

    শ্রুতিনাটক তিহার থেকে বলছি রবিপ্রেমের ফসল। রবীন্দ্রনাথের তিনটি উপন্যাস শেষের কবিতা, ঘরে বাইরে এবং চতুরঙ্গের কিছু অংশ এক কাল্পনিক চরিত্র আসিফার দৃষ্টিতে পাঠ করব আমরা। আসিফা এক রাজবন্দী। লাবণ্য, বিমলা, দামিনীর অন্বেষণে তার জীবনের শেষ মুহূর্ত মিশে যায়।

    রাজবন্দী আসিফার মোট তিনটি উপাখ্যান আছে, তিহার থেকে বলছি তার প্রথম কিস্তি। নাটকের মৌলিক অংশটি রইল।